বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ ম্রুণাল ঠাকুর। সম্প্রতি তাঁর অভিনীত হালকা মেজাজের রোমান্টিক-কমেডি ছবি ‘দো দিওয়ানে শেহের মে’ মুক্তি পেয়েছে। ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাঁর রসায়ন বেশ প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের অনিশ্চয়তা এবং বিয়ে নিয়ে মনের আগল খুললেন এই অভিনেত্রী।

আড্ডার শুরুতেই নিজের শারীরিক পরিবর্তন নিয়ে করা প্রশ্নের উত্তরে হেসে ফেলেন ম্রুণাল। জিরো ফিগারের পেছনে ছোটেন না জানিয়ে তিনি বলেন, “আসলে কিছুদিন আগে অসুস্থ ছিলাম। এখন অনেকটাই সুস্থ। ভালো করে খেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে চাই।” ছবিতে তাঁর অভিনীত ‘রোশনি’ চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি। ম্রুণালের মতে, “৬০ শতাংশ রোশনি, ৪০ শতাংশ আমি।”

বাস্তব জীবনে এক সময় আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন জানিয়ে ম্রুণাল বলেন, “ছাত্রজীবনে অনেক প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ক্লাসে হাত তুলতে পারতাম না। ইংরেজিতে মারাঠি টান থাকায় অস্বস্তি লাগত। উচ্চারণ ও নাম নিয়ে অনেকে মজা করত।” তবে এখন তিনি এসব কাটিয়ে উঠে নিজের মতো থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে ‘লাভ সোনিয়া’ ছবির অডিশনের স্মৃতিচারণ করেন তিনি। ফোল্ডারে ‘ডু নট ওপেন’ লেখা থাকা সত্ত্বেও পরিচালক সেটি খুলেছিলেন বলেই সুযোগ পান তিনি। ম্রুণাল মনে করেন, “শুধু সৌন্দর্য দিয়ে কিছু হয় না। সবার জীবনেই সংগ্রাম আছে।”

ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে বেশ ইতিবাচক ভাবনা ম্রুণালের। তিনি খোলামেলাভাবে স্বীকার করেন, “আমি ছোটবেলা থেকেই বিয়ের স্বপ্ন দেখি। আমার কাছে বিয়ে খুব পবিত্র সম্পর্ক। যদি এমন কাউকে পাই, যার সঙ্গে মানসিকভাবে মিলবে, তাহলে ঝটপট বিয়ে করে নেব।” তবে জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চান, যে তাঁর কাজকে সম্মান করবে এবং যার সাথে মানসিক শান্তি পাওয়া যাবে। ম্রুণালের সাফ কথা- বিয়ে জরুরি, তবে সঠিক মানুষের সাথে হওয়াটা আরও বেশি জরুরি।