বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন জনপ্রিয় এই সিরিজের নতুন কোনো আপডেটের জন্য। অবশেষে নতুন প্রজেক্টের ঘোষণা দিয়ে দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে নেটফ্লিক্স।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানি হাইস্ট’ এর একটি নতুন ঘোষণা ভিডিও প্রকাশ করা হয়। তবে এটি মূল সিরিজের ষষ্ঠ সিজন নাকি নতুন কোনো স্পিন অফ, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সিরিজে ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করা আলভারো মোর্তে সম্প্রতি ‘বার্লিন’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে এই সুখবর দেন। এরপর নেটফ্লিক্সও একটি ভিডিও পোস্ট করে জানায়, “বেলা চাও এখনো থামেনি, মানি হাইস্টের দুনিয়া চলতেই থাকবে।”

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সিরিজটির নির্মাতা অ্যালেক্স পিনা বর্তমানে চার পর্বের একটি নতুন মিনি সিরিজ নিয়ে কাজ করছেন। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দেখা যেতে পারে কর্নেল তামায়োকে। মূল সিরিজে এই চরিত্রে অভিনয় করেছিলেন ফার্নান্দো কায়ো।

তবে নতুন এই প্রজেক্টটি ঠিক কোন গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, তা নিয়ে এখনো রহস্য রয়ে গেছে। কেউ মনে করছেন প্রফেসরের দল আবারও নতুন কোনো মিশনে ফিরছে, আবার কেউ ভাবছেন কর্নেল তামায়োর গল্প নিয়েই তৈরি হতে যাচ্ছে নতুন সিরিজ।

এক সময় স্পেনে বাতিল হওয়ার মুখে থাকা ‘মানি হাইস্ট’ পরে নেটফ্লিক্সে মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। লাল জাম্পসুট আর ডালি মাস্ক এখনো সিরিজপ্রেমীদের কাছে এক আলাদা আবেগের নাম।

এখন দর্শকদের একটাই অপেক্ষা আবার কবে পর্দাজুড়ে শোনা যাবে সেই পরিচিত গান, ‘বেলা চাও’।