পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত নিয়ে নির্মিত বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। অ্যান্টনি ফুকুয়া পরিচালিত এই সিনেমায় কিং অব পপের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাইপো জাফর জ্যাকসন। পপতারকার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ আগস্ট ২০২৬ থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টার-এর ‘দ্য পিকক হাব’-এ প্রামাণ্যচিত্রধর্মী এই সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে।
ভারতীয় দর্শকদের সুবিধার্থে সিনেমাটি ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই সম্প্রচার করা হবে। বিশ্বজুড়ে পেপ ও পপ সংস্কৃতির স্বর্ণযুগ তৈরি করা মাইকেল জ্যাকসনের শৈশব, সংগীতজগতের উত্থান এবং ক্যারিয়ারকে বদলে দেওয়া সেরা পারফরম্যান্সের গল্পগুলো চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। ভারতে মুক্তির পর এটি ইতোমধ্যেই সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল সিনেমার খেতাব অর্জন করেছে।
সিনেমাটিতে জাফর জ্যাকসন ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং, কিলাইন ডুরেল জোন্স, লরা হ্যারিয়ার, জেসিকা সুলা, মাইক মায়ার্স, মাইলস টেলার এবং কোলম্যান ডমিঙ্গোর মতো তারকা অভিনেতারা।