‘হাওয়া’র আকাশচুম্বী সাফল্যের চার বছর পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তাঁর নতুন সৃষ্টি ‘রইদ’ নিয়ে। মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের স্বাক্ষর রাখছে সিনেমাটি। এবার যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (SIFF) জায়গা করে নিয়েছে এই নতুন কাজ।
উৎসবের ‘এশিয়ান ক্রসরোডস’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। আগামী ১৫ মে বিকেল সাড়ে ৫টা এবং ১৬ মে দুপুর আড়াইটায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ‘টাইগার কম্পিটিশন’ বিভাগেও অফিশিয়ালি নির্বাচিত হয়ে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।
‘রইদ’-এর কাহিনি আবর্তিত হয়েছে এক সাধু এবং তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রীর ব্যতিক্রমী এক মানবিক সম্পর্ক ও জীবনসংগ্রামকে কেন্দ্র করে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি এবং মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেককে।
২০২৫ সালের শেষ দিকে পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। আন্তর্জাতিক উৎসবে সফল যাত্রার পর এবার দেশের দর্শকদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’।