অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনাকে ঘিরে শোবিজ অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মত প্রকাশ করছেন দেশের অনেক তারকা ও কলাকুশলী। এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার ফেসবুক স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

স্ট্যাটাসে নাবিলা আত্মহত্যাকে একটি ‘চরম স্বার্থপর কাজ’ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, নিজের কষ্ট যদি বাবা-মা কিংবা সন্তানের কষ্টের চেয়ে বড় হয়ে যায় এবং সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াই মুখ্য হয়ে দাঁড়ায়, তাহলে সেটি নিঃসন্দেহে স্বার্থপরতা। তার এই বক্তব্য অনেকের সমর্থন পেলেও কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।

নাবিলা তার লেখায় দায়িত্ববোধের বিষয়টিও সামনে আনেন। তিনি উল্লেখ করেন, নায়কোচিত আচরণ শুধু পর্দায় দেখালেই যথেষ্ট নয়; বাস্তব জীবনেও পরিস্থিতির দায় স্বীকার করতে হয়। তার মতে, ব্যক্তিগত সংকট যত বড়ই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার ও সন্তানের ভবিষ্যৎ ভাবা জরুরি।

বিশেষ করে আলভী ইকরা দম্পতির সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি দোয়া করেছেন, শিশুটি যেন নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় হতে পারে এবং পরিবার যেন এই কঠিন সময় পার করার শক্তি পায়।

স্ট্যাটাসের শেষাংশে নাবিলা জীবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, প্রেম বা সম্পর্কের চেয়ে জীবন অনেক বড়। জীবন সবসময় রূপকথার মতো নয় কখনো তা কঠিন, তিক্ত ও নির্মম। তবু সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকা, লড়াই করে যাওয়া এবং মর্যাদার সঙ্গে প্রতিকূলতাকে মোকাবিলা করাই বেশি তৃপ্তিদায়ক এমন বার্তাই দিয়েছেন তিনি।