‘আজ আকাশে চাঁদ নেই’খ্যাত তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বন্ধু ও নির্মাতা সাইদুর ইমন।

সাইদুর ইমন জানান, অনেক আগেই সজীবের হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়েছিল। প্রায় আট-নয় মাস আগে তার হার্টের ওপেন সার্জারি করা হয়। এরপর ভালোই ছিলেন তিনি। তবে সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী ফোন করে বিষয়টি জানান। দ্রুত হাসপাতালে চিকিৎসক ডেকে আনা হলেও শেষরক্ষা হয়নি।

মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণখান এলাকার একটি মসজিদে মারুফ হোসেন সজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর উত্তরার ১২ নম্বর সেক্টরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ময়লার মোড় সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

তরুণ নির্মাতা হিসেবে সজীবের বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে। তার নির্মিত কাজের মধ্যে ‘বিলোপ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘হাসি’, ‘বাবুই পাখির বাসা’, ‘তবু ভালোবাসি’, ‘আপনারা আমাকে শুনুন’ ও ‘মুমতা’ উল্লেখযোগ্য।

মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন মারুফ হোসেন সজীব।