দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ জুন) জামিন আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিনের বিষয়ে এর আগে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সোমবার চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন প্রদান করেন।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মমতাজ বেগম দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পীদের একজন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।