সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী সমাজের ভূমিকা নিয়ে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং বন্যাকবলিত মানুষের দুর্দশার প্রসঙ্গ তুলে শিল্পীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে প্রতিবাদী ভূমিকা পালন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মাহি লেখেন, “আমাদের শিল্পীরা কি মারা গেছে? শিল্পী সমিতি কি মারা গেছে? আমরা কেন প্রতিবাদ করছি না? কিসের এত ভয় আপনাদের?”
শিল্পীদের উদ্দেশে তিনি আরও লেখেন, “মনে রাখবেন, রিজিকের মালিক ওই উপরওয়ালা। আপনার একটা প্রতিবাদে আপনার রিজিক কমাবেন না।”
স্ট্যাটাসের শেষাংশে শিক্ষার্থী ও বন্যাদুর্গত মানুষের প্রতি সমর্থন জানিয়ে তিনি লেখেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। বানভাসি মানুষের পাশে দাঁড়ান।”
মাহিয়া মাহির এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতামতও দিয়েছেন।
পোস্টের মন্তব্য ঘরে এক ব্যবহারকারী লেখেন, “ফেসবুকে জানালেন, এবার সমিতির নেতাদের আপনার কাছে অবশ্যই নম্বর আছে, কল দিয়ে দেখেন কী বলে।” এমন নানা প্রতিক্রিয়ায় সরব হয়ে ওঠে পোস্টটির মন্তব্য বিভাগ।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মাহির বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে একই দিন এই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা আগে শিক্ষার্থীদের উদ্দেশে আরও একটি পোস্ট করেন মাহি। সেখানে তিনি লেখেন, “সেদিন যারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তোমাদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিল, আজ তারাই তোমাদের গলা চেপে ধরছে।”
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং প্রশ্নপত্র সংক্রান্ত বিভিন্ন অভিযোগের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন একাংশের পরীক্ষার্থীরা। ‘শিক্ষার্থী ঐক্য’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় কর্মসূচির পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই শিক্ষার্থী ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শিল্পী সমাজের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন মাহিয়া মাহি।