২৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন কোরিয়ান গায়িকা মো সু-জিন। অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডের এই সদস্যের মৃত্যু হয় গত ২৪ জানুয়ারি।

মো সু-জিনের এজেন্সি প্যানিক বাটন এক বিবৃতিতে জানায়, বুধবার সকাল সাড়ে ১০টায় গিয়ংগি প্রদেশের নামইয়াংজুতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী, কেবল পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিবৃতিতে প্যানিক বাটন আরও জানায়, ‘আমরা প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করি।’

অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডের আরেক সদস্য কিম সেউং-জে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা। ২০২৬ সাল পর্যন্ত সপ্তাহে অন্তত এক দিন, কখনো কখনো টানা সাত দিনও একসঙ্গে সময় কাটিয়েছি। সে ছিল আমার সবচেয়ে কাছের সঙ্গী।’

মো সু-জিনকে স্মরণ করে তিনি আরও লেখেন, ‘সে আমাকে সুখের মানে শিখিয়েছে এবং জীবন বাঁচিয়ে রাখার শক্তি দিয়েছে। ওকে মনে পড়লে বুঝি, সে শুধু আমার সঙ্গে সময় কাটানো কোনো বন্ধু ছিল না। আমাদের কাটানো সময়গুলো ছিল নিখাদ আনন্দের।’

২০২০ সালে অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডে যোগ দেন মো সু-জিন। ব্যান্ডটির তৃতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবামেও তিনি অংশ নেন। ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও তিনি সক্রিয় ছিলেন। ২০২৫ সালের জুনে ‘ইয়োর ইউনিভার্স’ শিরোনামে তাঁর একটি সিঙ্গেল প্রকাশিত হয়।