রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এই অভিনেতার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। আর এই সংকটময় মুহূর্তে ইমরানের পাশে এসে দাঁড়িয়েছেন নির্মাতা কিরণ রাও ও অভিনেত্রী সাবা আজাদ।

আমির খানের সাবেক স্ত্রী ও নির্মাতা কিরণ রাও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে মুম্বাই পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। ইমরানের সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে তিনি লিখেছেন, অভিনেতা ৪৩ বছর বয়সের মধ্যে প্রায় ৪০ বছরই কাটিয়েছেন ভারতে এখানেই পড়াশোনা করেছেন, কাজ করেছেন, সফল হয়েছেন, আবার ব্যর্থতার মুখোমুখিও হয়েছেন। এছাড়া অভিনেত্রী সাবা আজাদও এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, এফআরআরওর এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইমরানের আইনজীবীরা।