মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা মিলেছে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের। তবে প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। মাতৃত্বের স্বাভাবিক পরিবর্তন নিয়েও তাকে নিয়ে করা হয়েছে নানা মন্তব্য।

সম্প্রতি পরিচালক কুকু কোহলির শেষকৃত্যানুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। এ সময় তাকে সাদা সালোয়ার-কামিজে দেখা যায়। সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা।

কেউ কেউ ক্যাটরিনার চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, এমনকি তাকে ‘বুড়ি’ বলেও কটাক্ষ করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রীর ভক্ত ও সহকর্মীরা।

অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে সমালোচকদের উদ্দেশে বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা পোস্টপার্টাম রিকভারি দেখতে ঠিক এমনই লাগে।’

তিনি আরও বোঝাতে চেয়েছেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসতে পারে। তাই এ ধরনের বিষয় নিয়ে কটাক্ষ না করে সংবেদনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। এরপর থেকে অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তান ও পরিবারের দেখভালেই বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী।