গত কয়েক দিনে বৃষ্টিপাত কিছুটা কমে আসায় আসামের কয়েকটি অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে প্রান্তিক ও দুর্গম এলাকাগুলোতে এখনো দুর্ভোগ কমেনি। এর মধ্যেই আবহাওয়া দপ্তর নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং জারি করেছে হলুদ সতর্কতা। ভয়াবহ এই বন্যায় রাজ্যজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে পৌঁছেছে।
এমন সংকটময় পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউডের একাধিক তারকা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়েছেন সালমান খান। এবার আসামের বন্যাকবলিত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি অনুদান দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান।
কার্তিকের এই অনুদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অভিনেতার এই আর্থিক সহায়তা বন্যাদুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্তিকের মানবিক উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী এক্সে লিখেছেন, তার উদার সহায়তায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ এবং এই অনুদান আসামের মানুষের দুর্দিন মোকাবিলায় বড় সহায়তা হবে।
আসাম সরকারের পক্ষ থেকেও অভিনেতাকে ধন্যবাদ জানানো হয়েছে। এক বার্তায় সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি অনুদান দেওয়ার জন্য কার্তিক আরিয়ানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তার সময়োপযোগী সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে শুধু কার্তিক নন, বন্যার্তদের সহায়তায় সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছেন বলিউডের অন্যান্য তারকারা। অভিনেত্রী আলিয়া ভাট দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং তার স্ত্রী, লেখক ও চলচ্চিত্র নির্মাতা তাহিরা কাশ্যপও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।