সামাজিক মাধ্যমে নতুন একটি বার্তা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি। ইঙ্গিতপূর্ণ এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে নানা আলোচনা।
সম্প্রতি ফেসবুকে চারটি নতুন ছবি শেয়ার করেন কাজল। ছবিগুলোতে বিস্কিট রঙের ওয়েস্টার্ন পোশাকে মোহনীয় লুকে ধরা দেন তিনি। তবে ছবির চেয়েও বেশি নজর কাড়ে ক্যাপশনটি। সেখানে অভিনেত্রী লেখেন, “প্রতিদিনই আমার প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা সম্পূর্ণরূপে হতবাক হন।”
কাজলের এই রহস্যময় বক্তব্য নিয়ে মন্তব্যের ঘরে ভক্তরা নিজেদের মতামত জানাতে শুরু করেন। একজন লেখেন, “সুখী থাকো, প্রতিদিনই সৌভাগ্য তোমার সঙ্গী হবে।” আরেকজন মন্তব্য করেন, “বিশ্বাস করো, আসল সৌন্দর্য হলো সৎ, বাস্তব এবং নিঃসংকোচে নিজের মতো থাকা।”
১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাজল মুখার্জির। তবে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে তিনি আকাশছোঁয়া জনপ্রিয়তা পান। দীর্ঘ ক্যারিয়ারে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেত্রী।
কাজলের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাজিগর’, ‘করন অর্জুন’, ‘ইশক’, ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’ ও ‘ফানাহ’।