‘দিলবার’, ‘সাকি সাকি’ ও ‘কুসু কুসু’র মতো জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন জন আব্রাহাম ও নোরা ফাতেহি। এবার আবারও পর্দায় ফিরছেন এই জুটি। জনের আসন্ন সিনেমা ‘ফোর্স ৩’-এর একটি গানে দেখা যাবে নোরাকে। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা।
২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পান নোরা। গানটিতে জন আব্রাহামও উপস্থিত ছিলেন। এরপর ২০১৯ সালে জনের ‘বাটলা হাউজ’ সিনেমার ‘সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেভ জয়তে ২’-এর ‘কুসু কুসু’ গানেও নাচেন নোরা। প্রতিটি গানই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ফোর্স ৩’ যেহেতু অ্যাকশননির্ভর সিনেমা এবং এই ফ্র্যাঞ্চাইজির দর্শকপ্রিয়তা রয়েছে, তাই গানটির আয়োজন করা হচ্ছে বড় পরিসরে। নাচের পাশাপাশি গানটির চিত্রায়নেও থাকবে জমকালো আয়োজন।
‘ফোর্স ৩’-তে আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে ফিরছেন জন আব্রাহাম। ২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এরপর ২০১৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফোর্স ২’।
সিরিজের তৃতীয় কিস্তিতে জনের সঙ্গে আরও অভিনয় করছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মা। নতুন সিনেমায় জন-নোরার পুনর্মিলন নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।