সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী জয়া আহসান। আজ তিনি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে গোলাপি পোশাকে তোলা নতুন কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে ধরা পড়েছে তাঁর হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মুহূর্ত, যা প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
নতুন বছরটা বেশ ভালোভাবেই শুরু করেছেন এই তারকা অভিনেত্রী। সম্প্রতি কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্যই তিনি এই সম্মাননা পান।
এই ছবিতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া। মুক্তির আগেই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চরিত্রটিকে নিজের স্বপ্নের চরিত্র হিসেবে উল্লেখ করেছিলেন।
এদিকে জয়ার অভিনীত নতুন সিনেমা ‘ওসিডি’ আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। নতুন ছবি, পুরস্কার আর আসন্ন মুক্তির খবরে সব মিলিয়ে সময়টা বেশ ব্যস্ত ও সাফল্যময়ই কাটছে জয়া আহসানের।