পহেলা বৈশাখের আনুষ্ঠানিক ঢাকে কাঠি পড়ার আগেই উৎসবের আমেজে মেতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রাজধানীসহ সারা দেশে যখন বাংলা নববর্ষ ১৪৩৩ বরণের প্রস্তুতি তুঙ্গে, তখন জয়া তাঁর ঘরে আয়োজন করেছিলেন আগাম বৈশাখী উৎসবের। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের কিছু রঙিন ছবি শেয়ার করে তিনি ভক্তদের জানিয়েছেন তাঁর এই ঘরোয়া উদযাপনের গল্প।
জয়ার এই ‘ঘরভরা বাঙালিয়ানা’র আয়োজনে ছিল খাঁটি দেশি আমেজ। নিজ হাতে মাখা পান্তা-ইলিশের পাশাপাশি মেঠো উৎসবের অনুষঙ্গ হিসেবে ছিল হাওয়াই মিঠাই, মুড়ি মাখা ও পিঠাপুলির সমাহার। আনন্দ আরও বাড়িয়ে দিতে সেখানে যোগ দিয়েছিলেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ এবং সংগীতশিল্পী সুনিধি নায়েকের মতো তারকারা। বেলুন, শুটার আর ফরচুন টেলারের মতো মজার সব খেলায় মেতে ওঠা এই ঘরোয়া আড্ডাকে জয়া বর্ণনা করেছেন ‘নিজের মতো একটুখানি বিশৃঙ্খল আনন্দ’ হিসেবে।