একটি রহস্যময় খুন, একটি বিচ্ছিন্ন দম্পতি এবং একই ঘটনার দুই ভিন্ন গল্প। কে সত্য বলছে, আর কেই-বা আড়াল করছে রহস্যের মূল চাবিকাঠি? এমন এক টান টান থ্রিলার প্লট নিয়ে বছরজুড়ে বিশ্বজুড়ে দর্শকদের বিনোদিত করেছে নেটফ্লিক্সের জনপ্রিয় রহস্য-সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’। মুক্তির পর থেকে টানা দারুণ সাড়া পাওয়ার পর দেখা গেল, ২০২৬ সালের প্রথম অর্ধে ওটিটি দুনিয়ায় ভিউয়ের দিক থেকে সবাইকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে এই লিমিতেড সিরিজটি। 

নেটফ্লিক্সের প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে বিশ্বজুড়ে ‘হিজ অ্যান্ড হার্স’ দেখা হয়েছে ১০ কোটি ৪ লাখ বার। মাত্র ছয় পর্বে সমাপ্ত এই সিরিজটি অ্যালিস ফিনির ২০২০ সালের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন উইলিয়াম ওল্ডরয়েড। জেসিকা চ্যাস্টেইনের নির্বাহী প্রযোজনায় তৈরি এই সিরিজে প্রধান দুই চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন বিপুল প্রশংসা টেসা থম্পসন ও জন বার্নথাল। সংবাদের উপস্থাপক আনা এবং তদন্তকারী গোয়েন্দা স্বামী জ্যাকের মধ্যকার পারস্পরিক সন্দেহ ও ভেঙে যাওয়া সম্পর্কের ছায়ায় খুনের তদন্তই এই সিরিজের মূল চালিকাশক্তি।

যদিও রটেন টমেটোস বা মেটাক্রিটিকে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে সাধারণ দর্শকদের কাছে এটি পরিণত হয়েছে এক দারুণ ‘বিঞ্জ-ওয়াচ’ বা টানা উপভোগ করার মতো সিরিজে। প্রতিটি পর্বে নতুন তথ্যের আবির্ভাব এবং জন বার্নথাল ও টেসা থম্পসনের দুর্দান্ত অভিনয় প্রতি মুহূর্তে রহস্যপ্রেমী দর্শকদের পর্দায় আটকে রাখতে বাধ্য করেছে, যার প্রমাণ মেলে বৈশ্বিক এই ভিউ সংখ্যায়।