প্রথমবারের মতো একই ওয়েব সিরিজে একসঙ্গে দেখা গেল জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহানকে। তিন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’, যা বৃহস্পতিবার (২৫ জুন) ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে।

সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। নির্মাতার ভাষ্য, সমসাময়িক নানা অস্থিরতার মধ্যেও দর্শকদের জন্য স্বস্তির একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

‘হেডলাইন’ প্রসঙ্গে সালেহ সোবহান অনীম বলেন, ‘চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্পই দর্শকদের উপহার দিতে চেয়েছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, যেগুলো আজও মনে দাগ কেটে আছে, সেই আবহ থেকেই “হেডলাইন” নির্মাণ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয়; বরং তার আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্পও।’

নির্মাতার দাবি, সিরিজটি একদিকে যেমন অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক তুলে ধরবে, অন্যদিকে পারিবারিক সম্পর্ক, আবেগ এবং মানবিক টানাপোড়েনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

‘হেডলাইন’-এ কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহান। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক অভিনয়শিল্পী।

একসঙ্গে তিন জনপ্রিয় অভিনেতার উপস্থিতি এবং ভিন্নধর্মী গল্পের কারণে মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।