অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ‘ওই কথা বলাটা আমার ভুল হয়েছে’হজ করে দেশে ফেরার পর অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন অভিনেতা হাসান মাসুদ। এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করছেন না এবং ধর্মকর্মেই বেশি মনোযোগ দিচ্ছেন। শুধু প্রস্তাব পেলে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন বলেও জানান তিনি।

তার এমন মন্তব্যের পর প্রশ্ন ওঠে, তাহলে কি অভিনয় থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন হাসান মাসুদ? এবার সেই প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত নেননি। বরং তার বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে।

এক সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’

ভালো গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয়ে ফিরতে আগ্রহী তিনি। পাশাপাশি ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিক বলেও মনে করেন না হাসান মাসুদ। তিনি জানান, শুটিংয়ের সময়ও নিয়মিত নামাজ পড়তেন এবং সহকর্মীরা তাকে নামাজের জন্য প্রয়োজনীয় সময় দিতেন।

হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলেও জানান তিনি। পছন্দসই গল্প ও কাজের প্রস্তাব পেলে ভবিষ্যতেও অভিনয় করবেন এই অভিনেতা।

উল্লেখ্য, সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।

অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।