দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। একসময় যিনি নিজের অভিনয়, নাচ এবং কমেডি দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন, তিনি এবার নতুন সিনেমা রূপা নিয়ে হাজির হতে যাচ্ছেন। তবে এই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, ছবিটিতে শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন গোবিন্দ।

রূপা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে নবাগতা রানী স্বর্ণকারের। ছবিতে তাঁকে গোবিন্দর বিপরীতে দেখা যাবে। নতুন এই জুটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

দীর্ঘ সময় পর অভিনয়ে ফেরার প্রসঙ্গে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন গোবিন্দ। তিনি বলেন, জীবনের বিভিন্ন সময়ে তাঁকে বারবার বাতিল করে দেওয়া হয়েছে এবং অনেকেই মনে করেছেন যে তিনি আর কখনো সিনেমায় ফিরতে পারবেন না। তবে প্রতিবারই তিনি নতুনভাবে শুরু করার চেষ্টা করেছেন।

গোবিন্দর ভাষায়, “হয়তো এটিই আমার নিয়তি ছিল যে আমাকে বহুবার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। মানুষ বারবার বলেছে আমি আর কখনো সিনেমায় ফিরব না। কিন্তু আমি প্রতিবারই নতুন করে শুরু করেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই সিনেমাটি যেন আমার সেই স্বপ্ন পূরণ করে যা হয়তো মানুষ এখনো কল্পনাও করতে পারছে না এবং আবারও নিজের ম্যাজিক দেখাতে পারে।”

নতুন এই প্রজেক্ট নিয়ে আশাবাদী অভিনেতা মনে করেন, রূপা বিশেষভাবে তরুণ দর্শকদের অনুপ্রাণিত করবে। তাঁর মতে, সিনেমাটি শুধু বিনোদন দেবে না, বরং নতুন প্রজন্মকে নিজেদের স্বপ্ন অনুসরণ করার সাহসও জোগাবে।

তিনি বলেন, “এই সিনেমাটি মূলত তরুণদের জন্য। আমি আশা করি, থিয়েটারে বসে যখন তারা ছবিটি দেখবে, তখন এটি তাদের বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের বিশ্বাস দেবে।”

তবে সিনেমার আধ্যাত্মিক দিক বা গল্পের অন্যান্য বিষয় নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি গোবিন্দ।

উল্লেখ্য, গোবিন্দকে সর্বশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজা সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল। যদিও ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সেই হিসেবে প্রায় ছয় বছর পর রূপা দিয়ে আবারও দর্শকদের সামনে ফিরতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা। এখন দেখার বিষয়, তাঁর এই প্রত্যাবর্তন দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।