দেশের সংস্কৃতি অঙ্গনের নন্দিত ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। আজ তার জন্মদিন। শুধু এ কারণে হলেও দিনটি বিশেষ। কিন্তু এর সঙ্গে রয়েছে আরো একটি অনুষঙ্গ। আজকের দিনে জন্মেছেন আরেক গুণী অভিনেত্রী ত্রপা মজুমদারও। তিনি আবার ফেরদৌসী মজুমদারেরই কন্যা। অর্থাৎ মা-মেয়ের জন্মদিন আজ।
১৯৪৩ সালের আজকের দিনে বরিশালে জন্ম ফেরদৌসী মজুমদারের। যদিও তার পৈতৃক নিবাস নোয়াখালীতে। আর বেড়ে উঠেছেন ঢাকায়। ১৪ ভাই-বোনের বিশাল পরিবারে তার বেড়ে ওঠা। এর মধ্যে বড় ভাই শিক্ষাবিদ কবীর চৌধুরী এবং মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী। রক্ষণশীল পরিবার হলেও ভাই এবং পরে স্বামী রামেন্দু মজুমদারের সান্নিধ্যে সংস্কৃতির আলোয় আসেন তিনি।
মুনীর চৌধুরীর উৎসাহ আর সহযোগিতায় মঞ্চনাটকে আসেন ফেরদৌসী মজুমদার। ভাইয়ের লেখা ‘একতলা দোতলা’ দিয়েই টেলিভিশন নাটকে অভিষেক তার। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে এক অনিন্দ্য পথচলা। হয়ে উঠেছেন কিংবদন্তি। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
কয়েকটি বছর আগে এক সাক্ষাৎকারে ফেরদৌসী মজুমদার জানিয়েছিলেন, প্রথম জীবনে জন্মদিনের বিশেষত্ব কী, তাই জানতেন না। কন্যা হওয়ার ছয়-সাত বছর পর একদিন খেয়াল করলেন মা-মেয়ের জন্মদিন একই। তখন থেকেই মূলত দিনটিকে বিশেষভাবে দেখেন তিনি। আর পরিবার, কাছের মানুষজন এবং সংস্কৃতি অঙ্গনের লোকজন জানার পর থেকে তো বছর ঘুরে এই দিন এলেই শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হন তারা।