দশ বছরেরও বেশি সময়ের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সনা শেখ। কখনও কুস্তিগির গীতা ফোগতের চরিত্রে, আবার কখনও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গেছে তাকে। তবে অভিনেত্রীর মতে, কয়েকটি ব্যতিক্রম ছাড়া হিন্দি বিনোদনজগতে নারীদের জন্য এখনও ভালো ও বহুমাত্রিক চরিত্রের যথেষ্ট অভাব রয়েছে।

নতুন ওয়েব সিরিজ ‘হুঙ্কার’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা। সিরিজটির গল্প এক কিশোরীকে ঘিরে, যে এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। সেই ঘটনার তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এমন একটি চরিত্রে কাজের সুযোগ পেয়ে সন্তুষ্ট হলেও নারীদের জন্য আরও বৈচিত্র্যময় চরিত্রের অভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

ফাতিমার কথায়, নারীদের জন্য এমন চরিত্র খুব কমই আসে, যেগুলোর মধ্যে একাধিক স্তর থাকে এবং অভিনয় দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি করে। তার মতে, পুরুষ অভিনেতারা নিজেদের প্রতিভা তুলে ধরার তুলনামূলক বেশি সুযোগ পেলেও নারীদের ক্ষেত্রে সেই সুযোগ এখনও সীমিত।

নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে অভিনেত্রী বলেন, সিনেমা মূলত সমাজেরই প্রতিফলন। সেখানে নারী ও পুরুষের ভূমিকা এখনও অনেকটাই নির্দিষ্ট করে দেওয়া হয়। শুধু চরিত্রের সংখ্যার ক্ষেত্রেই নয়, নারীদের চরিত্রে যে ধরনের সূক্ষ্মতা দেখানো হয়, সেখানেও পার্থক্য রয়েছে বলে মনে করেন তিনি।

ফাতিমার মতে, নারীদের ধূসর চরিত্রে দেখালেও অনেক সময় তাদের সরাসরি খলনায়িকা বা নেতিবাচক চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়। অথচ একজন নারী চরিত্র একই সঙ্গে দ্বিধাগ্রস্ত, জটিল এবং মানবিক হতে পারেন। ভবিষ্যতে এই ধরনের চরিত্রের উপস্থাপনায় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

অভিনয়জীবনে এখন পর্যন্ত প্রায় এক ডজন সিনেমা ও তিনটি ওয়েব সিরিজে কাজ করেছেন ফাতিমা। তার মতে, ভালো কাজের সুযোগ সীমিত হওয়ায় অনেক অভিনেতাই নিয়মিত কাজের মধ্যে থাকতে পারেন না। কখনও কখনও প্রয়োজনের তাগিদে নিজের পছন্দের বাইরের কোনো কাজও গ্রহণ করতে হয়।

কেন পছন্দ না হওয়া কোনো প্রজেক্টেও অভিনেতারা শেষ পর্যন্ত রাজি হন, সেই প্রসঙ্গে ফাতিমা বলেন, তারা সবাই ধনী পরিবার থেকে আসেননি। ফলে অনেক সময় আপস করতে হয় এবং হাতে আসা সীমিত সুযোগগুলোর মধ্যেই তুলনামূলক ভালো কাজটি বেছে নিতে হয়।

সময়ের গুরুত্বের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তার মতে, কোনো কাজ বা সিনেমা সফল হলে পরবর্তী সময়ে আরও অনেক সুযোগ আসে। আবার কোনো কাজ প্রত্যাশিত সাফল্য না পেলে সুযোগ কমে যেতে পারে। তাই হাতে থাকা সুযোগকেই যথাসম্ভব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হয়।

‘হুঙ্কার’ ওয়েব সিরিজে ফাতিমা সনা শেখের সঙ্গে অভিনয় করেছেন মহম্মদ জিশান আয়ুব, রঘুবীর যাদব, অনীত পড্ডা, রাম কাপুরসহ আরও অনেকে।