টম ক্রুজের নতুন চলচ্চিত্র ডিগার-এর ট্রেলার প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছেন মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। কারণ, ছবিটিতে রিজ আহমেদ যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সেই ভূমিকাটির জন্য একসময় অডিশন দিয়েছিলেন ফাহাদও। তবে শেষ পর্যন্ত তিনি সুযোগ পাননি।

গত বছর কিউ স্টুডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অডিশন মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু মেক্সিকান নির্মাতা ও অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি ইনারিতু তাঁর আমেরিকান উচ্চারণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না।

ফাহাদ জানান, চরিত্রটির জন্য নির্বাচিত হতে হলে তাঁকে কয়েক মাস যুক্তরাষ্ট্রে থেকে উচ্চারণের বিশেষ প্রশিক্ষণ নিতে হতো। তবে সেই প্রশিক্ষণের খরচ প্রযোজনা সংস্থা বহন করতে রাজি ছিল না। ফলে বিষয়টি তাঁর জন্য বাস্তবসম্মত ছিল না।

অভিনেতা বলেন, “উচ্চারণ নিখুঁত করতে আমাকে যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে বলা হয়েছিল। কিন্তু সেই খরচ তারা বহন করতে চায়নি। তাই কাজটি ছেড়ে দিতে হয়েছিল। না হলে আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যেতাম। শুধু উচ্চারণ ঠিক করার জন্য এত বড় আর্থিক ও সময়গত বিনিয়োগ করার প্রয়োজন অনুভব করিনি।”

তিনি আরও জানান, পরবর্তী সময়ে পরিচালকের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের সময় তাঁর মনে হয়েছিল, ইনারিতু বুঝতে পেরেছিলেন যে এই চরিত্রের জন্য তিনি পুরোপুরি উপযুক্ত নন। ফাহাদের মতে, এমন বৈঠকের পর তিনি অতীতেও একাধিক আন্তর্জাতিক প্রজেক্টের সুযোগ হারিয়েছেন।

তবে আন্তর্জাতিক সিনেমায় কাজের সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন এই অভিনেতা। বরং তিনি মনে করেন, তাঁর অভিনয়জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো মালয়ালম চলচ্চিত্রেই হয়েছে। আন্তর্জাতিক নির্মাতারা কেরালায় এসে কাজ করুন, সেটিই তিনি বেশি পছন্দ করবেন। এমনকি নতুন কোনো পরিচিতি বা সাফল্য এলে সেটিও মালয়ালম ভাষার চলচ্চিত্রের মাধ্যমেই আসুক, এমনটাই তাঁর প্রত্যাশা।

এদিকে জনপ্রিয় কৌতুক অভিনেতা ভির দাসও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, একই চরিত্রের জন্য তিনিও দুবার অডিশন দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ভূমিকাটি যায় রিজ আহমেদের ঝুলিতে।

অন্যদিকে ট্রেলার প্রকাশের পর ডিগার নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিতে টম ক্রুজকে একেবারে ভিন্ন রূপে দেখা যাচ্ছে। চার দশকেরও বেশি সময় ধরে অ্যাকশন তারকা হিসেবে পরিচিত এই অভিনেতা এবার হাজির হয়েছেন এক বিতর্কিত বিলিয়নিয়ার ডিগার রকওয়েলের চরিত্রে। মোটা পেট, পাতলা সাদা চুল, অদ্ভুত উচ্চারণ এবং আত্মমুগ্ধ ব্যক্তিত্বে তাঁকে দেখে অনেক দর্শকই বিস্মিত হয়েছেন।

গল্পের কেন্দ্রে রয়েছে ডিগার রকওয়েল নামের এক ক্ষমতাধর ধনকুবের, যার প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে যেতে শুরু করে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তা বৈশ্বিক জলবায়ু সংকটে পরিণত হয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে ডিগার পৃথিবীকে রক্ষার চেয়ে নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমে পড়ে।

ছবিতে টম ক্রুজ ও রিজ আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন সান্দ্রা হলার, জন গুডম্যান, জেসি প্লেমন্স, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড এবং এমা ডি’আর্সি। জন গুডম্যানকে দেখা যাবে অসুস্থ মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায়, যিনি ডিগারের তৈরি সংকট মোকাবিলার শেষ চেষ্টা চালান।