অবশেষে পর্দা নামলো ছোটপর্দার অন্যতম আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প!’-এর। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার নির্ধারিত সময়েই ধারাবাহিকটির শেষ তথা ৫২তম মেগা এপিসোডটি প্রকাশিত হয়েছে। মুক্তির মাত্র বিশ মিনিটের মধ্যেই পর্বটি প্রায় হাফ মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করে, যা এই সিরিজটি নিয়ে দর্শকদের আকাশচুম্বী আগ্রহের প্রমাণ দেয়। পারিবারিক সম্পর্ক, প্রেম-ভালোবাসা এবং সামাজিক বাস্তবতার নিখুঁত সংমিশ্রণে দীর্ঘ যাত্রা শেষে দর্শকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র আবেগ।

ধারাবাহিকটির সমাপ্তি নিয়ে ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লেখেন, “ফাহাদ চরিত্র নিয়ে হয়তো আপনাদের সঙ্গে আর কখনো দেখা হবে না! কিন্তু আপনারা এই সিরিজকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেটা আজীবন মনে থাকবে। মিস করবো এই পরিবারটাকে এবং আপনাদেরকে।” শুধু ইরফান নন, পুরো কাস্ট এবং চরিত্রভিত্তিক বিভিন্ন আলোচনা-সমালোচনায় সিরিজটি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিল।

খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, কেয়াপায়েল, ইরফান সাজ্জাদ এবং সুনেরাহ বিনতে কামালের মতো শক্তিমান অভিনয়শিল্পীদের সমন্বয়ে নির্মিত এই ধারাবাহিকটি দেশের ছোটপর্দার ইতিহাসে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আদিত্য মনিরের সিনেমাটোগ্রাফিতে নাটকটি যেমন ছিল দৃশ্যকাব্যিক, তেমনি গল্পের টানাপোড়েন দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে। ৫২তম মেগা এপিসোডের মাধ্যমে এই যাত্রার অবসান হলেও সামাজিক মাধ্যমে এখনো চলছে সিরিজটির শেষ অধ্যায় নিয়ে ব্যাপক চুলচেরা বিশ্লেষণ।