২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘দ্য গার্ল নেক্সট ডোর’ এলিশা কাথবার্টের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ হিসেবে বিবেচিত হয়। ছবিতে সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা ড্যানিয়েল চরিত্রে তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি এমিল হার্শের সঙ্গে একটি আলোচিত লিমুজিন দৃশ্যও দীর্ঘদিন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মুক্তির দুই দশকেরও বেশি সময় পর সেই দৃশ্যের শুটিংয়ের নেপথ্য অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি টিন বিটকে দেওয়া এক সাক্ষাৎকারে এলিশা জানান, পর্দায় দৃশ্যটি যতটা বাস্তব ও ঘনিষ্ঠ মনে হয়েছে, শুটিংয়ের সময় বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। তার ভাষ্য অনুযায়ী, লিমুজিনের পেছনের অংশে দৃশ্যধারণের সময় সামনে ছিল শুধু একটি ছোট বাক্স এবং ক্যামেরা। এমিল হার্শ সেখানে উপস্থিত ছিলেন না; তার অংশের শুটিং আলাদাভাবে সম্পন্ন হয়েছিল। ফলে দর্শক পর্দায় যা দেখেছেন, সেটি মূলত অভিনয়, সম্পাদনা এবং ক্যামেরা কৌশলের সমন্বয়ে তৈরি হয়েছিল।

এলিশা বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে শিল্পীদের কল্পনাশক্তি ও চরিত্রের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় শুটিংয়ের বাস্তব অভিজ্ঞতা দর্শকের দেখা চূড়ান্ত দৃশ্যের সঙ্গে কোনো মিলই থাকে না। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এমন দৃশ্যে কাজ করা সবসময় স্বস্তিকরও নয়।

‘২৪’ সিরিজে কিম বাউয়ার চরিত্রে জনপ্রিয়তা পাওয়ার পর মাত্র ২০ বছর বয়সে ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অভিনয়ের সুযোগ পান এলিশা। সে সময় এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রকল্প। তবে এখন ৪৩ বছর বয়সে ফিরে তাকিয়ে তিনি মনে করেন, একই চরিত্রে অভিনয় করলে আজ তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতেন। তার মতে, তখন নিজেকে একজন নারী হিসেবে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হতো না এবং অনেক ক্ষেত্রে নিজের স্বাভাবিক ব্যক্তিত্বের বাইরে গিয়ে অভিনয় করতে হয়েছিল।

ড্যানিয়েল চরিত্রের আবেদনময় উপস্থিতি নিয়েও কথা বলেন এলিশা। তিনি জানান, চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে চুলের স্টাইল, মেকআপ, আলো এবং ক্যামেরার বিভিন্ন কৌশলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অভিনেত্রীর ভাষায়, সে সময় বয়স কম থাকায় চরিত্রটির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়েছিল। তবে এখন সেই সময়ের পোশাক পরে আবার অভিনয় করার কথা ভাবতেও পারেন না বলে হাস্যরসের সঙ্গেই মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, লুক গ্রিনফিল্ড পরিচালিত ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ এমিল হার্শ ম্যাথিউ কিডম্যান চরিত্রে অভিনয় করেন। পাশের বাড়িতে আসা ড্যানিয়েলের প্রেমে পড়ার পর তার জীবনে নানা নাটকীয় ঘটনার সূত্রপাত হয়। মুক্তির সময় ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তী সময়ে এটি কাল্ট ক্ল্যাসিকের মর্যাদা অর্জন করে এবং তরুণ দর্শকদের মধ্যে আজও জনপ্রিয়তা ধরে রেখেছে।