ব্যতিক্রমী আয়োজনের নামই ইত্যাদি। প্রতি ঈদে দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার ধারাবাহিকতায় এবারের ঈদেও থাকছে সমকালীন ও বক্তব্যধর্মী একটি দলীয় সংগীত, যেখানে সমাজের নানান অবক্ষয়, অসংগতি ও মূল্যবোধের সংকটকে শিল্পিত উপস্থাপনায় তুলে ধরা হয়েছে।
বাল্যকালে শেখা নীতিকথা বড় হয়ে কর্মজীবনে এসে অনেক সময় অর্থহীন হয়ে পড়ে এই বাস্তবতার প্রতিফলনই এবারের গানটির মূল উপজীব্য। চারদিকে মিথ্যা ও দুর্নীতির জালে নীতিনৈতিকতা যেভাবে আড়াল হয়ে যায়, সেই সামাজিক চিত্রই উঠে এসেছে গানের কথা, সুর ও কোরিওগ্রাফিতে। বিনোদনের মোড়কে সমাজের ক্ষত স্পর্শ করার এক অনন্য প্রয়াস এটি।
এই বিশেষ পর্বে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। তাদের প্রাণবন্ত অভিনয় ও কোরিওগ্রাফি সমৃদ্ধ নৃত্য পরিবেশনা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দলের অংশগ্রহণে পরিবেশনাটি পেয়েছে আরও বর্ণাঢ্যতা। নৃত্য পরিচালনা করেছেন অনুষ্ঠানটির নৃত্য পরিচালক মামুন।
গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। সুর, নৃত্য ও অভিনয়ের সমন্বয়ে তৈরি এই দলীয় সংগীতটি যেমন বিনোদন দেবে, তেমনি দর্শকদের ভাবনার জগতেও আলোড়ন তুলবে।
নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা নিয়মিত মহড়ায় অংশ নিয়ে পরিবেশনাটি নিখুঁত করার চেষ্টা করেছেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর বহিরাঙ্গনে নির্মিত বিশাল সেটে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।
ঈদের আনন্দে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করার মতো একটি অর্থবহ আয়োজন হিসেবেই আবারও দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে ‘ইত্যাদি’।