বলিউড ও দক্ষিণি সিনেমার বড়পর্দায় আবারও এক মহাকাব্যিক সমন্বয়ের আভাস পাওয়া যাচ্ছে। ‘জওয়ান’-এর ব্লকবাস্টার সাফল্যের পর পরিচালক অ্যাটলি এবার তাঁর নতুন প্রজেক্ট ‘রাকা’ (Raaka)-তে নিয়ে আসছেন এক বিশাল চমক। গুঞ্জন শোনা যাচ্ছে, দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের এই ছবিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান।
শুরুতে আল্লু অর্জুনের ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করার কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার সেই আক্ষেপ মিটতে যাচ্ছে। সম্প্রতি আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসতেই জল্পনার সূত্রপাত হয়। পোস্টারটি দেখে শাহরুখ খান যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেন, তখন অ্যাটলি উত্তরে লিখেছিলেন, ‘লাভ ইউ স্যার, আপনাকে আরও গর্বিত করব।’ এই সংলাপে ভক্তরা নিশ্চিত হতে শুরু করেছেন যে, অ্যাটলির এই প্রজেক্টেই যুক্ত হচ্ছেন শাহরুখ।
সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় আরও একবার দেখা যাবে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনকেও। ‘জওয়ান’-এ শাহরুখ-দীপিকা-অ্যাটলি রসায়ন দর্শক মাতিয়েছিল; এবার আল্লু অর্জুনের সঙ্গে এই ত্রয়ীর মেলবন্ধন সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শাহরুখ ভক্তদের জন্য এ বছরটি হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। পাহাড়ের ওপর দাঁড়ানো শাহরুখের সেই হুঙ্কার আর ‘লার্জার দ্যান লাইফ’ অবতারের টিজার এরই মধ্যে ইন্টারনেটে ঝড় তুলেছে। সব মিলিয়ে বছরের শেষভাগে বড়পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ-দীপিকা আর আল্লু অর্জুন।