পাহাড়ঘেরা এক মনোরম প্রান্তরে সূর্যোদয়ের কোমল আলোয় যখন ধীরে ধীরে জীবন ফের ফিরে আসে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত পরিবেশটি দ্রুত বদলে যেতে থাকে অদৃশ্য কোনো বিপদের আভাসে। নীরবতা ভেঙে আসে অজানা নানা ঝুঁকি, আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি এবং বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত এসবেই ফুটে উঠেছে ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’ এর ফার্স্ট লুক।

৮ মার্চ বেলা ১টায় সামাজিক মাধ্যমে প্রকাশিত ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি দর্শকদের মধ্যে কৌতূহল এবং আলোচনার ঝড় সৃষ্টি করেছে। টিজারে দেখা গেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। প্রতিটি দৃশ্যে তৈরি হওয়া মুহূর্ত এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শককে শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা প্রদান করছে।

ফার্স্ট লুকে আফরান নিশো ক্লান্ত, উদ্বিগ্ন এবং ভীত লুকে দেখা গেছে। পূজা চেরীর চরিত্র রানি অনিশ্চয়তা এবং আতঙ্কের সঙ্গে উপস্থাপিত হয়েছে। চঞ্চল চৌধুরীর অভিব্যক্তিতে দেখা যায় অবাক এবং আতঙ্কিত মনোভাব। সব মিলিয়ে ফার্স্ট লুক দর্শকের মনে প্রশ্ন জাগাচ্ছে কে পালাচ্ছে, কে তাড়া করছে, এবং বেঁচে থাকার শেষ সুযোগ কার হাতে থাকবে।

টিজারের শেষে আফরান নিশোর সংলাপটি ছিল বিশেষ। তিনি বলেন, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’। ছোট্ট এই সংলাপ ফার্স্ট লুককে আরও আকর্ষণীয় এবং ‘দম’ সিনেমাটিকে শ্বাসরুদ্ধকর করেছে।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘“দম” এখন আর শুধু আমাদের সিনেমা নয়, এটি সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমাটির একটি সারাংশ মাত্র। দুর্গম লোকেশন এবং ভিজ্যুয়ালগুলো দর্শকরা টিজারে বুঝতে পেরেছেন। আমাদের শিল্পী ও কলাকুশলীরা এই শ্বাসরুদ্ধকর যাত্রায় অসাধারণ প্রচেষ্টা দেখিয়েছে।’

‘দম’-এ শাজাহান ইসলাম নূরের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি বলেন, ‘দম’ একটি সারভাইভাল স্টোরি এবং ইমোশনাল গল্প। এমন সিনেমা বানানো সহজ নয়, কিন্তু পুরো টিমের প্রচেষ্টায় আমরা এটি সম্ভব করেছি। ফার্স্ট লুক দেখে ভালো লাগছে, আশা করি পুরো সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।’

পূজা চেরীর চরিত্র রানি দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্বের। তিনি বলেন, ‘টিজারে শুধু চরিত্রটির লুক দেখানো হয়েছে। আরও লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটি কিভাবে নূরের ওপর প্রভাব ফেলবে, সেটা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।’

‘দম’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এবং চরকি। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘“দম” সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আড়াই বছর ধরে কাজ করেছি। বাংলা সিনেমা ধীরে ধীরে এগোচ্ছে, এবং এই ফার্স্ট লুক তার প্রমাণ। আমরা চাই দর্শকরা নতুন ধরনের ভিজ্যুয়াল উপভোগ করুক।’

‘দম’ সিনেমা মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের সঙ্গে। সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।