সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সনিকা। জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন,“আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” সঙ্গে যুক্ত করেন একটি সাদা হৃদয়ের ইমোজি। তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং অনেকেই দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে অসুস্থতার কারণে গণমাধ্যম ও পরিচিতজনদের ফোনে সাড়া দিতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চান তিনি। আরেকটি স্ট্যাটাসে সনিকা জানান, শারীরিক অবস্থার কারণে কথা বলতে পারছেন না। তবে সুস্থ হয়ে খুব শিগগিরই সবার সঙ্গে যোগাযোগ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

ডিজে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা অর্জন করেন সনিকা। পরে ডিজে মিক্সিংয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’ 

সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। ২০১৫ সালে ছোটপর্দায় কাজ শুরু করে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই শিল্পী। বর্তমানে তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত-অনুরাগীরা।