বলিউড অভিনেত্রী দিশা পাটানি শিগগিরই হলিউডে অভিষেক করতে যাচ্ছেন। তার অভিনীত নতুন সিনেমা Holiguards Saga – The Portal of Force–এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসি।

সম্প্রতি Variety India-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেভিন স্পেসির পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন দিশা। অভিনেত্রীর ভাষ্য, একজন অভিনেতা হিসেবে স্পেসি তার শিল্পীদের খুব ভালোভাবে বোঝেন এবং অভিনয়ে নিজস্ব ব্যাখ্যা ও আবেগ প্রকাশের সুযোগ করে দেন।

দিশা বলেন, “তিনি অসাধারণ। একজন অভিনেতা হওয়ার কারণে তিনি অভিনেতাদের খুব ভালোভাবে বোঝেন। তিনি বিশ্বের অন্যতম সেরা অভিনেতা। তিনি আমাদের পরীক্ষা-নিরীক্ষা করার স্বাধীনতা দিয়েছেন। বিভিন্ন পরিস্থিতিতে আমরা কী অনুভব করতাম, কীভাবে প্রতিক্রিয়া জানাতাম কিংবা আবেগ প্রকাশ করতাম, সে বিষয়ে ভাবতে উৎসাহ দিতেন।”

তিনি আরও জানান, প্রতিদিন শুটিংয়ের আগে কেভিন স্পেসি পুরো দৃশ্য নিয়ে শিল্পীদের সঙ্গে আলোচনা করতেন। এতে চরিত্র বোঝা এবং সেটিকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করার দায়িত্বও শিল্পীদের ওপর কিছুটা বেশি পড়ে। দিশার মতে, ক্যারিয়ারে আগে কোনো নির্মাতার সঙ্গে কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতা তার হয়নি।

হলিউডে কাজ পাওয়ার প্রক্রিয়া নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, পশ্চিমা চলচ্চিত্র অঙ্গনে অডিশনের গুরুত্ব অনেক বেশি এবং সেখানে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রতিনিধিত্ব, এজেন্সি, যোগাযোগ এবং ভিসা প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিশা বলেন, “পশ্চিমা ইন্ডাস্ট্রিতে অডিশনের ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন প্রজেক্টের জন্য নিয়মিত অডিশন দিতে হয়। আপনি কোন এজেন্সির সঙ্গে কাজ করছেন, সুযোগ আপনার কাছে কতটা পৌঁছাচ্ছে, এসব বিষয় গুরুত্বপূর্ণ। ভাগ্যেরও একটি ভূমিকা থাকে। কখনও নির্মাতারা আপনার কাজ দেখে সরাসরি যোগাযোগ করেন, আবার কখনও অডিশনের মাধ্যমে সুযোগ আসে।”

তিনি আরও বলেন, বিদেশে কাজ করতে হলে সেখানে উপস্থিত থাকা জরুরি। শুধু অন্য দেশ থেকে অডিশন দিয়ে নিয়মিত কাজ পাওয়া সহজ নয়। তাই কিছু সময় সেই দেশে অবস্থান করে কাজের চেষ্টা করাই সবচেয়ে কার্যকর উপায়।

Holiguards Saga - The Portal of Force একটি অতিপ্রাকৃত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সের্গেই টরচিলিন ও লাডো ওখোটনিকভ। এতে দিশা পাটানির পাশাপাশি অভিনয় করেছেন কেভিন স্পেসি, ডলফ লুন্ডগ্রেন, টাইরিস গিবসন, ব্রিয়ানা হিল্ডেব্র্যান্ড এবং এরিক রবার্টস।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বার্লিনে সিনেমাটির একটি ব্যক্তিগত প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। তবে এখনো এর বিশ্বব্যাপী মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও, হলিউডে দিশা পাটানির অভিষেক ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।