হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে কিছুটা বেশি ‘বাল্কি’ মনে হওয়ায় আর দেরি না করে ওজন কমানোর মিশনে নামেন তিনি। এরই মধ্যে দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী। এখন লক্ষ্য আরও চার কেজি কমানো।
একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলে পরিচয় দিতেন দীঘি। তবে ওজন কমানোর জন্য গত দুই মাস ধরে ভাত প্রায় বাদই দিয়েছেন তিনি। বর্তমানে সপ্তাহে মাত্র এক দিন ভাত খান। পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করছেন।
দীঘি বলেন, “গেল দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নেই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।”
ভাতের পরিবর্তে এখন তাঁর খাবারের তালিকায় রয়েছে সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি এবং তেল ছাড়া ওভেনে রান্না করা চিকেন। নিজের বর্তমান খাদ্যাভ্যাস সম্পর্কে অভিনেত্রী বলেন, “আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।”
দুই মাস ধরে ওজন কমানোর এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন দীঘি। আপাতত ডিসেম্বর পর্যন্ত এটি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে ঠিক কত কেজি ওজন থেকে ছয় কেজি কমিয়েছেন, তা জানাতে চান না অভিনেত্রী।
দীঘির ভাষ্য, “ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।”
তবে শুধু নিজের ভালো লাগার জন্যই নয়, কাজের প্রস্তুতির অংশ হিসেবেও নিজেকে ফিট করছেন দীঘি। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা রয়েছে তাঁর। সেই কাজের জন্য আরও ফিট হয়ে উঠতে চান তিনি। অভিনেত্রীর মতে, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।
এদিকে নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন দীঘি। অনেকেই ধারণা করেছিলেন, বেড়াতে গেছেন তিনি। তবে পরে জানা যায়, শুটিংয়ের কাজেই কক্সবাজারে গিয়েছিলেন এই অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও কাজ করেছেন। মেহেদি হাসান হৃদয় পরিচালিত তাঁর অভিনীত ‘বিদায়’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।