একসময় পর্দার প্রেমের রসায়ন গড়িয়েছিল বাস্তব জীবনেও। টালিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে ঘিরে একসময় নেটপাড়ায় আলোচনার অন্ত ছিল না। ভক্তদের প্রিয় এই ‘দেশু’ জুটি দীর্ঘ ১১ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফিরছেন একই সিনেমায়। তবে এবার বড় চমক হলো অভিনয়ের পাশাপাশি দেবের প্রথম পরিচালিত সিনেমাতেই দেখা যাবে এই অভিনেত্রীকে। 

‘দেশু ৭’ নামের এই সিনেমার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। কাজের শেষ দিনে পরিচালক দেবকে উদ্দেশ্য করে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন শুভশ্রী। সেখানে তিনি জানান, শুরুতে দেবের চমৎকার ভিশন দেখে তাঁর কিছুটা ‘ঈর্ষা’ হলেও কাজের অগ্রগতি দেখে সেই অনুভূতি শ্রদ্ধায় পরিণত হয়েছে। দেবকে নিয়ে গর্বপ্রকাশ করে আগামীর পরিচালক হিসেবে তাঁর সফলতার শুভকামনাও জানান এই অভিনেত্রী।

চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘দেশু ৭’। সিনেমাটিতে দেব ও শুভশ্রী জুটির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।