লাদাখে শুটিং শেষ করে দিল্লিতে ফিরেই অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে ছুটে যান টালিউড অভিনেতা দেব। বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচারের পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘ফাটাকেষ্ট’খ্যাত বর্ষীয়ান অভিনেতা। তাঁর অসুস্থতার খবর পেয়েই শুক্রবার রাতে হাসপাতালে হাজির হন দেব।
‘দেশু সাত’ সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য সম্প্রতি লাদাখে গিয়েছিলেন দেব। সিনেমাটিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শুক্রবার দুপুরে দিল্লিতে ফেরেন দেব। এরপর আর দেরি না করে রাতেই মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান তিনি।
মিঠুন ও দেবের সম্পর্ক দীর্ঘদিনের। রাজনৈতিক মতপার্থক্য ও নানা বিতর্ক থাকলেও তাঁদের ব্যক্তিগত সম্পর্ক কখনো এতে প্রভাবিত হয়নি। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, মিঠুন যে রাজনৈতিক দলেই থাকুন না কেন, তাঁর কাছে তিনি বাবার মতো। নিজেকেও মিঠুনের ছেলের মতো মনে করেন বলে জানান অভিনেতা।
মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করে দেব বলেন, তিনি চান বর্ষীয়ান অভিনেতা দ্রুত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরুন এবং আবার স্বাভাবিকভাবে কাজে ফিরতে পারেন। ভবিষ্যতেও দুজনের একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
পরে মিঠুনের সঙ্গে হাসপাতালের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দেব। ছবির সঙ্গে তিনি মিঠুনকে নিজের কাছে বাবার মতো উল্লেখ করে তাঁর সুস্বাস্থ্য, সুখ ও জীবনের প্রাপ্য সবকিছু পাওয়ার জন্য শুভকামনা জানান।
এদিকে দেবের রাজনৈতিক অবস্থান নিয়েও সম্প্রতি নানা আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন এই অভিনেতা। তবে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। সাবেক তৃণমূল সংসদ সদস্যদের একটি অংশ বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেও সেখানে উপস্থিত ছিলেন না দেব। তৃণমূলের সাবেক নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, লাদাখে থাকার কারণে ওই বৈঠকে যোগ দিতে পারেননি দেব।
রাজনীতির মাঠে ভিন্ন অবস্থানে থাকলেও দেব ও মিঠুনের সম্পর্ক বরাবরই উষ্ণ। তাঁদের জুটিতে ‘প্রজাপতি’ ও ‘প্রজাপতি ২’ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। মিঠুন বিজেপির সঙ্গে যুক্ত থাকায় সে সময় দেবকে ঘিরে তৃণমূলের একাংশের সমালোচনাও হয়েছিল। এমনকি ‘প্রজাপতি’ সিনেমাকে নন্দনে জায়গা না দেওয়ার অভিযোগ ঘিরেও বিতর্ক তৈরি হয়। এ নিয়ে তৎকালীন তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে দেবের মতবিরোধ প্রকাশ্যে আসে।
তবে এসব রাজনৈতিক বিতর্ক তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। বরং লাদাখ থেকে ফিরেই অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে ছুটে গিয়ে সেই সম্পর্কের গভীরতাই আরও একবার প্রকাশ করলেন দেব।
প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ডান হাতে চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তখন তাঁর হাতে একটি প্লেট বসানো হয়েছিল। পুরোনো সেই প্লেটটি বের করার জন্য বৃহস্পতিবার রাতে ডান হাতে অস্ত্রোপচার করা হয় তাঁর। বর্তমানে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শুক্রবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মিঠুন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।