আসছে ঈদে রূপালি পর্দায় ঝড় তুলতে আসছে চিত্রনায়িকা পূজা চেরি ও বড় পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশোর নতুন সিনেমা ‘দম’। এই ছবির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক চমকপ্রদ উপস্থিতিতে হাজির হয়েছিলেন এই দুই তারকা। গত রোববার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন তারা।

মিরপুরের গ্যালারিতে সাধারণ দর্শকদের সঙ্গেই খেলা দেখতে দেখা যায় নিশো ও পূজাকে। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল। স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের পাশাপাশি টেলিভিশন ক্যামেরাতেও ধরা পড়ে তাদের নজরকাড়া উপস্থিতি। প্রচারণার অংশ হিসেবে তাদের পরনে ছিল বিশেষ পোশাক; আফরান নিশো কালো শার্ট ও চশমায় বেশ স্টাইলিশ লুকে ধরা দেন, অন্যদিকে পূজা চেরি মারুনি রঙের ফর্মাল স্যুটে ছিলেন প্রাণোচ্ছল।

নিজের ফেসবুক পেজে স্টেডিয়ামে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে পূজা চেরি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘টিম দমের সঙ্গে এই প্রথম স্টেডিয়ামে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো।’ এছাড়া নিশোর সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করে আগুনের ইমোজি দিয়ে সিনেমার নাম ‘দম’ উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরীও। প্রকাশিত টিজারে পূজার ভিন্নধর্মী লুক ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ব্যক্তিগত নানা গুঞ্জনের মাঝেই পূজা এখন পুরোপুরি ব্যস্ত সিনেমার প্রচারণায়। ঈদের প্রেক্ষাগৃহে নিশো-পূজার এই ‘দম’ কতটা প্রভাব ফেলবে, এখন সেটিই দেখার বিষয়।