দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কক্স ও স্নো প্যাট্রোল ব্যান্ডের সংগীতশিল্পী জনি ম্যাকডেইড। আন্তর্জাতিক গণমাধ্যম পিপল ম্যাগাজিন-এর এক প্রতিবেদনে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। যদিও বিচ্ছেদের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করেননি।
সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে কোর্টনি ও জনিকে একসঙ্গে জনসমক্ষে দেখা যায়। এর আগে একই বছরের জুলাইয়ে জনির ৪৮তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে আবেগঘন একটি শুভেচ্ছা বার্তা শেয়ার করেছিলেন কোর্টনি। এরপর আর তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি।
কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইডের সম্পর্কের শুরু ২০১৩ সালের শেষ দিকে। এক হাউস পার্টিতে পরিচয়ের পর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাত্র নয় মাসের মাথায় তারা বাগদান সম্পন্ন করেন। তবে ২০১৫ সালের শেষ দিকে সেই বাগদান ভেঙে যায়।
তবে বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬ সালে তারা আবারও এক হন। যদিও এরপর নতুন করে বাগদান বা বিয়ের পথে হাঁটেননি। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও নিজেদের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই রেখেছিলেন এই জুটি।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে এক টক শোতে কোর্টনি কক্স জানিয়েছিলেন, তাদের প্রথম বিচ্ছেদের ঘটনা ঘটে একটি কাপল থেরাপি সেশনের সময়। সেই অভিজ্ঞতা সম্পর্কটিকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছিল বলেও সে সময় মন্তব্য করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ১৩ বছরের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হলো না।