ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ও ভোটার তালিকা সংশোধন ইস্যূতে সংহতি জানিয়ে মুখ খুলেছেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ ও প্রকাশ রাজের মতো তারকারা।
ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন এবং ভোটার তালিকা সংশোধনের দাবি ঘিরে উত্তাল দেশটির রাজনৈতিক অঙ্গন। এই আন্দোলনে সংহতি জানিয়ে এবার সরব হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য ও জনপ্রিয় তারকারা। শিক্ষা খাতের অনিয়ম, তরুণদের ভবিষ্যৎ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিভিন্ন বিক্ষোভে শাবানা আজমি থেকে শুরু করে নাসিরউদ্দিন শাহ ও প্রকাশ রাজের মতো তারকারাও অংশ নিয়েছেন।
গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান শাবানা আজমি। একই সমাবেশে নাসিরউদ্দিন শাহের উপস্থিতি এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে তাঁর আলিঙ্গনের দৃশ্য নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলে। এছাড়া বিশাল ভরদ্বাজ, বিশাল দাদলানি ও অতুল কুলকার্নির মতো ব্যক্তিত্বরাও এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অন্যদিকে, ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিজেপির আয়োজিত বিক্ষোভে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে অংশ নেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
শুধু সরাসরি উপস্থিতিই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়া মির্জা, কঙ্কনা সেনশর্মা, রিচা চাড্ডা ও জোয়া আখতারের মতো তারকারা আন্দোলনের বিভিন্ন ভিডিও ও বার্তা শেয়ার করে নিজেদের সমর্থন জানিয়েছেন। এর আগে জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভেও রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, ভূমি পেড়নেকর ও নন্দিতা দাসের মতো শিল্পীরা সংহতি জানিয়েছিলেন। সব মিলিয়ে, বিভিন্ন ক্ষেত্রের তারকাদের এই সরব উপস্থিতি আন্দোলনটিকে আরও জোরালো করে তুলেছে।