যুক্তরাষ্ট্রের বাজারে বাংলা সিনেমা ও সিরিজের প্রচার এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক টোস্টার প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে দেশটিতে চরকির ‘ইউএস কমার্শিয়াল অ্যাসোসিয়েট’ হিসেবে কাজ করবে টোস্টার প্রোডাকশন।
এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে চরকির কনটেন্ট আরও সহজে পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্থানীয় বাঙালি ও অবাঙালি দর্শকদের মধ্যেও বাংলা সিনেমা ও সিরিজের পরিচিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্ব তৈরিতেও কাজ করবে টোস্টার প্রোডাকশন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও ও অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, দেশের বাইরে বসবাসরত বাংলাদেশিরা দেশের কনটেন্ট দেখার জন্য কতটা আগ্রহী, তা তাঁরা ভালোভাবেই জানেন। প্রবাসীদের সেই চাহিদা চরকি দীর্ঘদিন ধরে পূরণ করে আসছে। যুক্তরাষ্ট্রের বাঙালি ও অবাঙালি দর্শকদের কাছে চরকিকে আরও সহজে এবং বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এই উদ্যোগকে বাংলা কনটেন্টের বৈশ্বিক বাজার সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম আরও শক্তিশালী হলে সেখানকার দর্শকেরা নিজেদের পছন্দ অনুযায়ী সহজে চরকির কনটেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্বের সুযোগও তৈরি হবে।
পাঁচ বছরের যাত্রায় চরকি বেশ কিছু আলোচিত সিরিজ ও চলচ্চিত্র প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ‘ঊনলৌকিক’, ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’ ও ‘অ্যালেন স্বপন’ সিরিজ। পাশাপাশি ‘নেটওয়ার্কের বাইরে’, ‘ঊনিশ২০’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’র মতো চলচ্চিত্রও মুক্তি দিয়েছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমাও দেখা যাচ্ছে চরকিতে।