দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। অভিনয়ের দ্যুতিতে যিনি বারবার মুছে দিয়েছেন কাঁটাতারের দূরত্ব, জয় করেছেন বাংলাদেশ ও ভারতের দর্শকের হৃদয়। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি ভালোবাসা জানিয়েছেন তার সহকর্মী ও কাছের মানুষেরাও।

জয়ার জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জয়াকে।

পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, “শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।” সঙ্গে জুড়ে দিয়েছেন কালো রঙের হার্ট ইমোজি।

চঞ্চলের সেই পোস্টে মন্তব্য করে জয়া আহসানকেও শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও সহশিল্পী।

উল্লেখ্য, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল তার। পরে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জয়ার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ ও ‘বিউটি সার্কাস’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় জয়া আহসান। ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’ এবং ‘কড়ক সিং’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য দেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন জয়া। এছাড়া নয়বার অর্জন করেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। পশ্চিমবঙ্গেও তার সাফল্য সমান উজ্জ্বল। সেখানে তিনবার জিতেছেন ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার।

বর্তমানে পশ্চিমবঙ্গে তার নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি আগামী ১০ জুলাই মুক্তি পাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি।