দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমধিক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চল মানেই পর্দায় নতুন কিছু ভিন্ন চরিত্র, আলাদা উপস্থাপনা। তবে এবার শুধু অভিনয় নয়, প্লেব্যাকেও অভিষেক হতে যাচ্ছে তার; তাও আবার টালিউডের সিনেমায়। ব্রাত্য বসুর আসন্ন সিনেমা শেকড় এর মাধ্যমে প্রথমবারের মতো এমন চমক দেখাতে যাচ্ছেন অভিনেতা।

‘শেকড়’ সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবিও ফেসবুকে শেয়ার করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘শেকড়’ ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। বর্তমানে পুরোদমে চলছে পোস্ট–প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়েই প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে তার।

চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমে জানান, ‘শেকড়’ সিনেমার জন্য তিনি দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন। একটি বিজয় সরকার–এর ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাস এর ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়াও চঞ্চলেরই ছিল।

সিনেমাটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘শেকড়’এ তার চরিত্রের নাম ইন্দ্র, যে একটি কারখানায় কাজ করে। গল্পে দেখা যায়, তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন। বাস্তব জীবনেও চঞ্চলের বাবা মৃত্যুর আগে এমন সমস্যায় ভুগেছিলেন। ব্যক্তিগত সেই অভিজ্ঞতার কারণেই সিনেমাটিতে কাজ করতে আরও আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, নির্মাতা ব্রাত্য বসু এর আগে মোশাররফ করিম কে নিয়ে ডিকশনারি এবং হুব্বা নামে দুটি সিনেমা নির্মাণ করেছিলেন।