দুই জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী কি সত্যি নতুন কোনো লুকে নিজেদের হাজির করলেন, নাকি এর পেছনে রয়েছে রহস্যময় কোনো ঘটনা? সম্প্রতি অভিনেতা চঞ্চল চৌধুরীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবির কোলাজ ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল কৌতূহল ও জল্পনা-কল্পনা।
ছবিতে দেখা যায়, ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট ফ্রেমে ব্লেজার পরা ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তাঁদের হেয়ারস্টাইল! এক সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা বা ভিন্নধর্মী কোনো পশ্চিমা পপ স্টারের আদলে ফজলুর রহমান বাবুর একপাশে ঝুলে থাকা লম্বা চুল, অন্যদিকে চঞ্চল চৌধুরীর ছোট করে ছাঁটা ব্যাংস কাট। ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, "নিউ ইস্টাইল…।।" সঙ্গে যুক্ত করেছেন কয়েকটি হাসির ইমোজি এবং হ্যাশট্যাগে যুক্ত করেছেন দুই অভিনেতার নাম।
পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই মন্তব্যের ঘর ভক্ত ও নেটিজেনদের হাসির রোল উঠেছে। তবে এটি কি কোনো নতুন নাটকের শুটিংয়ের লুক, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ফোটোশপের মাধ্যমে স্রেফ মজার ছলে এডিট করা ছবি তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চঞ্চল চৌধুরী বা ফজলুর রহমান বাবুর পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। রহস্যে ঘেরা এই ‘নিউ ইস্টাইল’ পোস্টই এখন শোবিজপ্রেমীদের আলোচনার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।