ছোটবেলা থেকেই বলিউড সুপারস্টার সালমান খানের ভক্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। প্রিয় নায়কের ছবি নিজের ঘরের বিভিন্ন স্থানে টাঙিয়ে রাখতেন তিনি। এমনকি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পর টানা সাত দিন হাত না ধোয়ার মতো পাগলামিও করেছিলেন কিশোরী চাঁদনী। সম্প্রতি প্রিয় তারকার সঙ্গে পুরোনো ছবি প্রকাশ করে সেই স্মৃতিই আবার সামনে এনেছেন এই অভিনেত্রী।
সালমানের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন শেরাটনে
চাঁদনীর ভাষ্য অনুযায়ী, ১৯৯৭-৯৮ সালের দিকে একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসার কথা ছিল সালমান খানের। খবরটি শুনেই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাসহ বিভিন্ন কারণে ঢাকার গুলিস্তান স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজনটি বাতিল হয়ে যায়। এতে মন খারাপ হলেও প্রিয় নায়কের সঙ্গে দেখা করার আশা ছাড়েননি চাঁদনী।
পরে জানতে পারেন, সালমান খান বাংলাদেশে এসেছেন এবং শেরাটন হোটেলে অবস্থান করছেন। হোটেলটির বর্তমান নাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এরপর মা, বান্ধবী সাদিয়া ইসলাম ও ফটোগ্রাফার মহসিন ভাইকে সঙ্গে নিয়ে সেখানে চলে যান তিনি।
চাঁদনী বলেন, “নানাভাবে সুযোগটা করে নিতে হয়েছিল। পরে রুমের ঠিকানা পাই। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম আর আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই ছিলেন। গিয়ে দেখি, সালমান খান একাই রুমে রয়েছেন। অনুমতি নিয়ে তখন আমি তাঁর পাশে গিয়ে দাঁড়াই।”
সালমানের হাত ধরে ছিলেন পুরো সময়
সেই সময় স্কুলে পড়তেন চাঁদনী। সালমান খানের সঙ্গে পরিচিত হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তোলার কথা জানান। প্রিয় তারকার সঙ্গে কাটানো অল্প সময়ের স্মৃতি এখনো স্পষ্ট মনে আছে তাঁর।
চাঁদনী জানান, সেদিন সালমান খানের হাত ধরে ছিলেন তিনি। অভিনেতা তাঁর নাম জানতে চাইলে অটোগ্রাফে লিখেছিলেন, “চাঁদনী, ফর ইয়োর সালমান।” সেই মুহূর্ত এবং সালমানের তাকানোর ভঙ্গি আজও তাঁর মনে গেঁথে আছে।
এমনকি সালমান খানের জন্মদিনও জানতে চেয়েছিলেন চাঁদনী। হিন্দিতে প্রশ্ন করলে অভিনেতা জানিয়েছিলেন, তাঁর জন্মদিন ২৭ ডিসেম্বর। চাঁদনীর মতে, তাঁদের প্রজন্মের কাছে সালমান খান ছিলেন ভীষণ জনপ্রিয় এক তারকা। তাঁর চেহারা ও ব্যক্তিত্বকে রাজপুত্র কিংবা নবাবের সঙ্গে তুলনা করেন এই অভিনেত্রী।
সাত দিন হাত ধোয়া বন্ধ রেখেছিলেন চাঁদনী
প্রিয় নায়কের সঙ্গে দেখা হওয়ার স্মৃতি বলতে গিয়ে মজার অভিজ্ঞতাও ভাগ করে নেন চাঁদনী। তিনি বলেন, “আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাঁকে ধরেছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি। এটা আসলে কিশোর মনের একটা পাগলামি ছিল। ক্রেজি ফ্যান বলতে যা বোঝায়।”
সালমান খানের প্রতি ভালো লাগা থেকেই নিজের ঘরের বিভিন্ন জায়গায় তাঁর ছবি টাঙিয়ে রাখতেন চাঁদনী। শ্রীদেবী, শাহরুখ খান ও আমির খানের অভিনয়ও তাঁর পছন্দের তালিকায় রয়েছে। তবে প্রিয় অভিনেতাদের মধ্যে সালমান খানই তাঁর শীর্ষে।
‘ম্যায়নে প্যার কিয়া’ দেখে ভক্ত হন
চাঁদনী জানান, সালমান খানকে প্রথম দেখেই ভালো লেগেছিল তাঁর। রেখার দেবরের চরিত্রে একটি সিনেমায় ছোট ভূমিকায় অভিনয় করতে দেখেছিলেন অভিনেতাকে। তবে ১৯৮৯ সালের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’ দেখার পর সালমানের প্রতি তাঁর ভক্তি আরও গভীর হয়।
সালমানের বাংলাদেশ সফরের অনুষ্ঠানের জন্য তিন হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিটও কিনেছিলেন চাঁদনী। তখন শিশু চরিত্রে অভিনয় ও বিজ্ঞাপনে কাজ করতেন তিনি। সেসব কাজ করে জমানো টাকা দিয়েই টিকিটটি কিনেছিলেন বলে জানান এই অভিনেত্রী।
কেন এত দিন পর ছবি প্রকাশ করলেন?
সাক্ষাৎকারে প্রায়ই সালমান খানের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন চাঁদনী। তবে তাঁর সেই কথাকে অনেকে সত্য বলে বিশ্বাস করতেন না। এ কারণেই এবার পুরোনো ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
চাঁদনী জানান, ছবিগুলো আগে তাঁর এক বান্ধবীর কাছে ছিল। বান্ধবীর কাছ থেকে ছবিগুলো পাওয়ার পরই সেগুলো পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে চাঁদনী লিখেছেন, “আমার সাল্লুর সঙ্গে। যাঁরা আমার সাক্ষাৎকার দেখে বলেছিলেন, ‘চাপা’, এই ছবি তাঁদের জন্য।”