উইভার্সে সাম্প্রতিক এক লাইভস্ট্রিমে ভক্তদের কিছু মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন বিশ্বখ্যাত কে-পপ গ্রুপ বিটিএসের সদস্য জাংকুক। লাইভ চলাকালে বারবার তাকে ঘুমাতে যাওয়ার অনুরোধ জানানো হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, কখন বিশ্রাম নেবেন, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নিতে সক্ষম।

প্রতিবেদন অনুযায়ী, একটি কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে সময় কাটাতে উইভার্সে লাইভে আসেন জাংকুক। সে সময় তিনি বিয়ার পান করছিলেন এবং বিভিন্ন টিকটক ভিডিও দেখছিলেন। কিন্তু লাইভের মন্তব্যের ঘরে অনেক ভক্ত তাকে দ্রুত লাইভ শেষ করে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিতে থাকেন।

একপর্যায়ে এসব মন্তব্যের জবাবে জাংকুক বলেন, ‘আমি দুঃখিত, কিন্তু দয়া করে আমাকে ঘুমাতে যেতে বলবেন না। আমার যখন ইচ্ছা হবে, তখনই আমি ঘুমাব।’ তিনি আরও বলেন, ভক্তদের উদ্বেগ ও ভালোবাসার প্রতি তিনি কৃতজ্ঞ, তবে ‘তাড়াতাড়ি ঘুমাতে যাও’ ধরনের মন্তব্য করার প্রয়োজন নেই। তার ভাষায়, ‘আমি বাচ্চা নই। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি।’

লাইভে নিজের স্বাস্থ্য সম্পর্কেও কথা বলেন এই শিল্পী। তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনিদ্রার সমস্যায় ভুগছেন এবং অনেক সময় ঘুমানোর জন্য ওষুধের সাহায্য নিতে হয়। তিনি বলেন, ‘আমার ঘুম পাচ্ছে না। আমি বরাবরই এমন। আমি জেগে আছি কারণ আমি নিজেই জেগে থাকতে চাই।’

জাংকুকের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ভক্ত তার বক্তব্যকে সমর্থন করে বলেন, শিল্পীদের প্রতি ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ অবশ্যই ইতিবাচক, তবে তা যেন তাদের ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপের পর্যায়ে না পৌঁছায়।

এদিকে বিটিএসের সাম্প্রতিক কার্যক্রম নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে। ব্যান্ডটির বিভিন্ন আয়োজন ও পারফরম্যান্স ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের উচ্ছ্বাস অব্যাহত রয়েছে।