বিশ্বসংগীত অঙ্গনের আলোচিত ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি একটি অনলাইন লাইভস্ট্রিমে কালিমা পাঠের মাধ্যমে শাহাদাহ গ্রহণ করেন ‘স্প্রিন্টার’ খ্যাত এই শিল্পী। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’।
আন্তর্জাতিক ইসলামিক তথ্যভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিবেদনে জানানো হয়, ২৭ বছর বয়সী এই তারকা একটি লাইভস্ট্রিম অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরের ঘোষণা দেন। ধর্মান্তরের আগে তার নাম ছিল ওকলি নীল সিজার-সু।
লন্ডনের শেফার্ডস বুশ এলাকায় বেড়ে ওঠা সেন্ট্রাল সি বর্তমানে বিশ্বসংগীতের অন্যতম পরিচিত মুখ। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর PlaqueBoyMax-এর সঙ্গে এক লাইভ আলোচনায় তিনি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এখন থেকে ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তিনি।
২০১৪ সালে সংগীতজগতে পথচলা শুরু করলেও ২০২১ সালের পর থেকেই ইউকে র্যাপ দৃশ্যে প্রভাবশালী অবস্থান তৈরি করেন সেন্ট্রাল সি। প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ডও রয়েছে তার নামে। পাশাপাশি ড্রেক ও জে. কোলের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।
দ্রুত সাফল্য প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সেন্ট্রাল সি বলেছিলেন, সবকিছু এত দ্রুত ঘটছে যে অনেক সময় বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। আমি এত দিন ধরে ছুটে চলেছি যে এসব নিয়ে ভাবার সুযোগ পাইনি।
পেশাদার জীবনের ব্যস্ততার মধ্যেই নেওয়া এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্ত ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে তার অনুসারীরা তাকে শুভকামনা জানাচ্ছেন।