জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘Breaking Bad’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। সোমবার ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সিরিজটিতে ব্রায়ান ক্র্যানস্টনের অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার জুনিয়র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি সেরিব্রাল পালসি নিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি নিয়েও কাজ করেছেন এই অভিনেতা।

আরজে মিটের প্রতিনিধিরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে আত্মহত্যা করেছেন তিনি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ক্যামেরন কাউন্টির জাস্টিস অব দ্য পিস সিন্ডি হিনোজোসা স্থানীয় সময় সোমবার দুপুর দেড়টার দিকে মিটেকে মৃত ঘোষণা করেন। তাঁর ধারণা, ঘটনাটি অভিনেতার নিজের বাড়িতে ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।

মিটের প্রতিনিধিরা এক বিবৃতিতে বলেন, “প্রিয় অভিনেতা, মানবহিতৈষী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের একনিষ্ঠ সমর্থক আরজে মিটের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

‘Breaking Bad’ থেকে বিশ্বজোড়া পরিচিতি

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ‘Breaking Bad’ সিরিজে ওয়াল্টার জুনিয়র চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান মিটে। তাঁর অভিনীত চরিত্রটিও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিল। নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে চরিত্রটির মিল থাকায় প্রতিবন্ধিতা নিয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রেও সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘ব্রেকিং ব্যাড’ মোট ৫৮টি প্রাইমটাইম এমি মনোনয়ন পেয়েছিল এবং এর মধ্যে ১৬টি পুরস্কার জিতেছিল। দুবার সেরা ড্রামা সিরিজের পুরস্কারও অর্জন করে এটি।

২০১৪ সালে সিরিজটির অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডে ড্রামা সিরিজে সেরা দলীয় অভিনয়ের পুরস্কার জেতেন মিটে। এর আগের দুই বছরও একই বিভাগে মনোনয়ন পেয়েছিল সিরিজটির অভিনয়শিল্পীদের দল।

সিনেমা ও টেলিভিশনে কাজ

‘ব্রেকিং ব্যাড’-এর সাফল্যের পর বিভিন্ন সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেন আরজে মিটে।

২০২১ সালের ড্রামা সিনেমা ‘Triumph’-এ সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেন তিনি। নানা প্রতিকূলতা পেরিয়ে কুস্তিগির হওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করা ওই চরিত্রে তাঁর অভিনয় দর্শকের নজর কাড়ে।

২০২৪ সালে ডোভ ক্যামেরনের বিপরীতে ‘Love Me Dead’ এবং ২০২৫ সালে ফিন উইটরকের সঙ্গে ‘Westhampton’ সিনেমায় অভিনয় করেন তিনি।

আইএমডিবির তথ্য অনুযায়ী, মিটের সর্বশেষ অভিনীত কাজ ছিল স্বাধীন ধারার সিনেমা ‘Talking to Strangers’। এতে লিন ইনের বিপরীতে অভিনয় করেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর বেভারলি হিলসের ফাইন আর্টস থিয়েটারে সিনেমাটির রেড কার্পেট প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা তাঁর মৃত্যুর দুই সপ্তাহেরও কম সময় আগে।

টেলিভিশনে তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘Switched at Birth’, ‘Now Apocalypse’ এবং ‘The Guardians of Justice (Will Save You!)’। এ ছাড়া ‘HCBS Final Rule: The Animated Series’-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি। অ্যানিমেশন সিরিজটির লক্ষ্য ছিল ক্যালিফোর্নিয়ায় বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের জন্য কমিউনিটিভিত্তিক সেবার নিয়ম পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি করা।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারেও ভূমিকা

১৯৯২ সালের ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্মগ্রহণ করেন আরজে মিটে। অভিনয়ের বাইরে মানবহিতৈষী কাজেও সক্রিয় ছিলেন তিনি।

ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মিটে। পাশাপাশি মানবকল্যাণমূলক কাজ ও বিভিন্ন সামাজিক উদ্যোগে সহায়তাকারী প্রতিষ্ঠান ‘দ্য মিটে ফাউন্ডেশন’-এর সভাপতিও ছিলেন তিনি।

অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি নিয়ে কাজ করেও নিজের অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন প্রতিনিধিরা। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তাঁরা।