শোবিজে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, প্রতিশ্রুতি ভঙ্গ এবং বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী জানান, দীর্ঘ সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। শুধু তিনি নন, সংশ্লিষ্ট টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি।

ফেসবুক পোস্টে পারসা ইভানা লেখেন, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বিষয়টি সামনে আনছেন। তার দাবি, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করতে গিয়ে যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছেন। তিনি জানান, গত সাত মাস ধরে প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করলেও এখনো পুরো টাকা পাননি। একই সঙ্গে টিমের অনেক সদস্যের পাওনাও বকেয়া রয়েছে।

অভিনেত্রী জানান, নিজের কিছু পারিশ্রমিক পেলেও এখনো একটি অংশ বাকি রয়েছে। তবে নিজের পাওনার চেয়ে তিনি বেশি উদ্বিগ্ন টিমের অন্য সদস্যদের জন্য। বিশেষ করে প্রোডাকশন বয় ও নতুনদের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা দিন আনে দিন খায় কিংবা ভালো কাজের আশায় কঠোর পরিশ্রম করছে, তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া অত্যন্ত দুঃখজনক।

সহকর্মীদের সতর্ক করে পারসা ইভানা বলেন, ভবিষ্যতে কোনো কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত। পাশাপাশি সব ধরনের আর্থিক বিষয় ও চুক্তি লিখিতভাবে নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি। তার ভাষায়, সততা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়া একটি সুস্থ ইন্ডাস্ট্রিই সবার প্রত্যাশা।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন পারসা ইভানা। তিনি জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের নির্মাণে ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামের একটি ওয়েব কনটেন্টে গত বছরের ডিসেম্বর-জানুয়ারির দিকে কাজ করেছিলেন। গল্পটি ভালো লাগায় কাজটি করলেও পরে পারিশ্রমিক নিয়ে জটিলতায় পড়তে হয়।

তার অভিযোগ, শুধু শিল্পীরাই নন, প্রোডাকশন বয়দের পারিশ্রমিকও পরিশোধ করা হয়নি। তিনি বলেন, গত ১৬ জুন পরিচালক তাকে জানিয়েছিলেন, ২৮ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু নির্ধারিত দিনেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এ ঘটনায় তিনি অভিনয় সংঘে মৌখিক অভিযোগও জানিয়েছেন বলে জানান।