ভালোবাসা দিবস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট আর ভক্তদের উচ্ছ্বাস সব মিলিয়ে জমজমাট পরিবেশ। ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও ছিলেন সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আজ সকালে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্বামী সনি পোদ্দার এর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে ছিল সহজ অথচ ভালোবাসায় ভরা বার্তা ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’।
মিমের পোস্ট প্রকাশের পরপরই ভক্ত অনুসারীরা লাইক ও মন্তব্যে ভরিয়ে দেন কমেন্ট সেকশন। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে, কেউ কেউ আবার তাঁদের ‘পারফেক্ট কাপল’ বলেও অভিহিত করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালে বিয়ে করেন মিম ও সনি পোদ্দার। বিয়ের পর ব্যক্তিজীবন ও ক্যারিয়ার দুটোই সামলে চলছেন অভিনেত্রী।
এদিকে ভালোবাসা দিবসের আগের রাতেও নতুন এক ফটোশুটের ছবি পোস্ট করেন মিম। গ্ল্যামারাস ও স্টাইলিশ সেই ছবিগুলোও বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
২০২২ সালের পর থেকে বড় পর্দায় খুব একটা দেখা যায়নি তাঁকে। তবে ভক্তদের জন্য সুখবর চলতি বছর বিরতি ভেঙে ফিরছেন মিম। ২০২৬ সালে অন্তত দুটি ছবিতে দেখা যাবে তাঁকে, এমনটাই জানা গেছে।
ভালোবাসা দিবসে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন কাজের ইঙ্গিত দিয়ে আবারও আলোচনায় উঠে এলেন বিদ্যা সিনহা মিম।