দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের পর বড় জয় পেলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং এবং অভিনেতা শেখর সুমন। ২০১০ সালে একটি কমেডি অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবশেষে খারিজ করে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। আদালতের এই রায়ের মাধ্যমে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা মানসিক উদ্বেগের অবসান ঘটল দুই তারকার।

ঘটনাটি ঘটেছিল ২০১০ সালে ‘কমেডি সার্কাস কা জাদু’ নামক একটি শো-তে। সেখানে একটি কৌতুক পরিবেশনের সময় ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’ এই বাক্যটি ব্যবহার করেছিলেন তাঁরা। এরপরই তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা ঠুকে দেওয়া হয়। দীর্ঘ শুনানির পর আদালত পর্যবেক্ষণে জানায়, স্রেফ খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। কোনো অনুষ্ঠানের একটি নির্দিষ্ট অংশকে প্রসঙ্গ ছাড়া বিচার করে শিল্পীদের বিরুদ্ধে মামলা করা অযৌক্তিক।

আদালত আরও স্পষ্ট করে বলেন যে, ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষমূলক মনোভাব থাকা প্রয়োজন, যা এই ক্ষেত্রে অনুপস্থিত। অনুষ্ঠানটি ছিল নিখাদ বিনোদনমূলক এবং কাউকে ব্যক্তিগত বা ধর্মীয়ভাবে আঘাত করা এর উদ্দেশ্য ছিল না। এই ঐতিহাসিক রায়ের ফলে ভারতী ও শেখর দুজনেই এখন সম্পূর্ণ অভিযোগমুক্ত।