বিশ্বখ্যাত পপ তারকা Beyoncé কোনো আগাম ঘোষণা ছাড়াই নতুন গান প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন। গত শনিবার হঠাৎ করেই তিনি উন্মুক্ত করেন ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ শিরোনামের গানটি, যা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, গানটি মূলত বিয়ন্সের জনপ্রিয় অ্যালবাম B'Day-এর জন্য তৈরি করা হয়েছিল। ২০০৬ সালে অ্যালবামটি প্রকাশ পেলেও গানটি তখন প্রকাশ করা হয়নি। প্রায় দুই দশক পর এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’।
শিল্পীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর ভক্তগোষ্ঠী ‘বেহাইভ’-এর প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ গানটি প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অপ্রকাশিত থাকা গানটি ভক্তদের জন্য এক ধরনের উপহার হিসেবেই দেখা হচ্ছে।
গানটির গীতরচনা করেছেন বিয়ন্সে, Pharrell Williams, The-Dream এবং Darius Dixon। প্রযোজনার দায়িত্বও যৌথভাবে পালন করেছেন বিয়ন্সে ও ফ্যারেল উইলিয়ামস।
গানের সঙ্গে একটি লিরিক ভিডিওও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে প্রায় ২০ বছর আগে আলোকচিত্রী Cliff Watts-এর ধারণ করা ফুটেজ ব্যবহার করা হয়েছে, যা গানটির নস্টালজিক আবহ আরও গভীর করেছে।
নতুন এই গানের জন্য একটি বিশেষ প্রচ্ছদও প্রকাশ করেছেন বিয়ন্সে। জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ‘বি ডে’ অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে যে রি-রিলিজ সংস্করণ প্রকাশিত হবে, সেখানে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, ‘বি ডে’ অ্যালবামে ‘Déjà Vu’, ‘Irreplaceable’ এবং ‘Ring the Alarm’-এর মতো জনপ্রিয় গান রয়েছে। অ্যালবামটি ২০০৭ সালের Grammy Awards-এ ‘সেরা সমসাময়িক আরঅ্যান্ডবি অ্যালবাম’ বিভাগে পুরস্কারও জিতেছিল।
বিয়ন্সের সর্বশেষ স্টুডিও অ্যালবাম Cowboy Carter প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের মার্চে। সেই অ্যালবামের পর দীর্ঘ বিরতি শেষে নতুন গান প্রকাশ করায় ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।