অভিনেত্রী বন্যা মির্জা–র বাবা মির্জা ফারুক ইন্তেকাল করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা

জানা গেছে, রাজধানীর নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মির্জা ফারুক। তবে তার দাফন কোথায় ও কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও স্বজনরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো ধারাবাহিক নাটকসহ একাধিক একক নাটক এবং কিছু সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন এই অভিনেত্রী।