ফুটবল মাঠে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ। চলমান ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জাপানিদের ২-১ গোলে হারিয়ে সেলেসাওরা জয় পেতেই উল্লাসে মেতে উঠেছে দেশের শোবিজ অঙ্গন। গতকাল সোমবার (২৯ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত হয়ে সামাজিক মাধ্যমে জার্সির ছবি ও উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা।

ফুটবল উন্মাদনায় শামিল হয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে উদযাপন করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে তাঁকে হাতে সবুজ-হলুদ রঙের ভুবুজেলা নিয়ে মুখে ফুঁ দিতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও সাধারণ মানুষের ভিড় স্পষ্ট করে দেয় তাঁর ফুটবল প্রেমের গল্প। অন্যদিকে, ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত তুমুল জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের প্রথাগত হলুদ জার্সির বদলে দলটির বিকল্প ডার্ক ব্লু (গাঢ় নীল) রঙের জার্সি পরে একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করে নিজের আনন্দ প্রকাশ করেছেন।

উদযাপনে পিছিয়ে ছিলেন না ঢালিউডের চিত্রনায়করাও। অভিনেতা শরিফুল রাজকে একটি বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে গায়ে ব্রাজিলের হলুদ জার্সি জড়িয়ে এক হাতে ফুটবল নিয়ে বিশাল এক পতাকা ওড়াতে দেখা গেছে। গ্ল্যামারাস অভিনেত্রী পারসা ইভানা ব্রাজিলের হলুদ জার্সি পরে এক চোখ বন্ধ করে চনমনে পোজের একটি মিষ্টি সেলফি শেয়ার করে লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’ এছাড়া ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসও জয়ের পর নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি ও জিন্স পরা একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করেন।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মাঝেও আশাবাদী ছিলেন তারকারা। জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল খেলা চলাকালীন ক্লাসিক হলুদ জার্সি পরে হাসিমুখে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে সেলফি পোস্ট করে লেখেন, “খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ।” অন্যদিকে উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ পোশাকেও নিয়ে এসেছিলেন ব্রাজিলের আমেজ। ব্রাজিলের পতাকার রঙে তৈরি সবুজ ও হলুদ কম্বিনেশনের সোয়েটার পরা অবস্থায় সেলফি ভিডিওর স্ক্রিনশটে তিনি পর্তুগিজ ভাষায় লেখেন ‘Sempre Brasil!’, যার অর্থ সবসময়ই ব্রাজিল!

ব্রাজিল-আর্জেন্টিকার চিরন্তন সামাজিক দ্বৈরথ ও খুনসুটিকে এক ফ্রেমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে হিমি নিজে ব্রাজিলের হলুদ জার্সি পরে দাঁড়িয়ে আছেন এবং তাঁর ঠিক পাশেই আর্জেন্টিনার জার্সি পরে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন সহশিল্পী নিলয় আলমগীর। হিমি তাঁর এই ছবির ক্যাপশনে বেশ রসাত্মকভাবে লিখেছেন, “উস্তাদের মার শেষ রাতে। জাপান্টিনা মন খারাপ করো না।” প্রিয় দলের এই নান্দনিক ফুটবল আর জয়ে তারকাদের এমন সব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।